ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশ ব্যুত্থান অ্যাসোসিয়েশনের উদ্যোগে নেপালের রাজধানী কাঠমুন্ডুতে থান্ডার কিক বিষয়ক এক বিশেষ স্পোর্টস সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২২ সেপ্টেম্বর) ন্যাশনাল স্পোর্টস একাডেমিতে আয়োজিত এ সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্বের অন্যতম সুপার হিউম্যান হিসেবে খ্যাত বাংলাদেশের কৃতি সন্তান গ্র্যান্ড মাস্টার ড. ম্যাক ইউরি বজ্রমুণি।
সেমিনারে অংশ নেন ১৮ জন কমব্যাট স্পোর্টস অনুশীলনকারী, যারা থান্ডার কিকের বিশেষ প্রশিক্ষণ পদ্ধতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। এ প্রশিক্ষণ ব্যবস্থা ক্রীড়াবিজ্ঞানের নীতিমালা, বজ্রপ্রাণ ব্যায়াম এবং ঐতিহ্যবাহী মার্শাল আর্টের সমন্বয়ে গঠিত। এটি মূলত গতিশীলতা, পায়ের শক্তি ও বিস্ফোরণশক্তি বৃদ্ধিতে কার্যকর বলে উল্লেখ করা হয়।
ন্যাশনাল স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা ও সিইও মিস্টার গণেশ গ্র্যান্ড মাস্টার ইউরির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেমিনারকে একটি “অসাধারণ ও সমৃদ্ধ সেশন” হিসেবে অভিহিত করে তিনি বলেন, “এটি শুধু কমব্যাট অ্যাথলেটদের জন্য নয়, বরং যে কোনো ক্রীড়া অনুশীলনকারীর জন্য উপকারী, যারা ফুর্তি, গতি ও শক্তি বাড়ানোর লক্ষ্য নিয়ে কাজ করছেন।”
বাংলাদেশ ও নেপালের সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পর্ক জোরদার করার পাশাপাশি এ আয়োজন বুত্থান বিস্তারের এক নতুন অধ্যায় সূচনা করেছে। সেমিনারে নেপালি ক্রীড়াবিদদের সামনে থান্ডার কিকের দর্শন ও বিজ্ঞান উন্মোচিত হয়।
উল্লেখ্য, ‘বুত্থান’ শব্দের অর্থ জাগরণ। এটি একটি স্বতন্ত্র বাংলাদেশি মার্শাল আর্ট ও কমব্যাট স্পোর্ট, যা আত্মরক্ষা ও ব্যক্তিগত বিকাশের উপর গুরুত্ব দেয়। বাংলাদেশ বুত্থান অ্যাসোসিয়েশন ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০১৩ সালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক এটি আনুষ্ঠানিকভাবে জাতীয় ক্রীড়া হিসেবে স্বীকৃতি পায়। সম্প্রতি ইউনেস্কো-আইসিএম তাদের সরকারি ওয়েবসাইটে বুত্থানকে স্থান দিয়ে একে একটি বৈশ্বিক স্বীকৃতিসম্পন্ন বাংলাদেশি কমব্যাট স্পোর্ট হিসেবে তালিকাভুক্ত করেছে।